কিংসে দিয়াবাতেকে দিচ্ছে না মোহামেডান

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম

চিঠি দিয়ে মালির ফরোয়ার্ড ও অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে বসুন্ধরা কিংসের হয়ে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অনুমতি দিয়েছিল মোহামেডান। শনিবারের সেই সিদ্ধান্ত থেকে কয়েক ঘন্টার মধ্যে সরে এসেছে সাদা-কালোরা। সমর্থকদের ক্রমাগত চাপ ও ফুটবল কমিটির চেয়ারম্যানের অসম্মতিতে দিয়াবাতেকে ছেড়েও না ছাড়ার এই সিদ্ধান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার ও টেকনিক্যাল কমিটির সদস্য ইমতিয়াজ আহমেদ নকিব। 

'আমরা দিয়াবাতের ছাড়পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংসকে দিয়েছিলাম। তবে এই সিদ্ধান্তর পর থেকে দেশজুড়ে লাখো সমর্থক প্রতিবাদ করতে থাকে। তাছাড়া আসন্ন ঘরোয়া মৌসুমের কথা চিন্তা করে ফুটবল কমিটির চেয়ারম্যানও (ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর) দিয়াবাতেকে ছাড়তে অসম্মতি জানান। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে দিয়াবাতেকে ছাড়বো না। আসলে এটা মৌসুমের শেষভাগে হলে আমাদের সমস্যা হতো না। মৌসুম শুরুর আগ মুহূর্তে কিংসের হয়ে খেলে যদি কোন ক্ষতি হয়, তাহলে আমাদের ভুগতে হবে।'

জানা গেছে, দিয়াবাতের ইচ্ছেকে সম্মান জানাতেই মোহামেডান শুরুতে কিংসের প্রস্তাবে রাজী হয়েছিল। দিয়াবাতে চাইছিলেন কিংসের হয়ে ভুটানে খেলতে। টেকনিক্যাল কমিটির সায় থাকলেও বিষয়টি ভালোভাবে নেয়নি সমর্থকরা। ক্লাবে এসে অনেক সমর্থক সিদ্ধান্তের প্রতিবাদ জানান। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলেন। তাই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে মোহামেডান। 

ছাড়পত্র পাওয়ার পরও দিয়াবাতেকে না পাওয়াটা বসুন্ধরা কিংসের জন্য বড় ধাক্কা। এ মাসের শেষে দলটি এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্ব খেলতে যাবে ভুটানে। দলীয় শক্তি বাড়াতে দিয়াবাতেসহ মোট তিনজন ভিনদেশী ফুটবলারকে অন্যান্য ক্লাব থেকে নেওয়া নিশ্চিত করেছিল কিংস। গত বছর এএফসি কাপে খেলানোর জন্য মোহামেডানের কাছে দিয়াবাতে ও উজবেক মিডফিল্ডার মোজাফফরভকে চেয়েও পায়নি কিংস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত