বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী সেই যুবলীগ কর্মী এইচ এম মিঠুকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৬ অক্টোবর) চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এইচ এম মিঠু চান্দগাঁও থানার কাজি বাড়ির মাহবুব আলমের ছেলে। তিনি নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী হিসেবে পরিচিত। ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি মিঠু।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।
তিনি জানান, চলতি বছরের ১৮ জুলাই চান্দগাঁওয়ে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল। শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া (২১) অংশগ্রহণ করেন। আন্দোলনে মিঠু এবং অন্যান্য আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় হৃদয় তরুয়া শরীরে গুলি লাগে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার বন্ধু মো. আজিজুল হক গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় যুবলীগ কর্মী মিঠুসহ ২০৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
