মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন কাফী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৮ পিএম

পরিচয় গোপন করে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী সিটি করপোরেশনের মশার ওষুধ ছিটানোর কর্মী পরিচয়ে পাসপোর্ট নিয়েছিলেন। আজ সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদ এ তথ্য জানান।

সাধারণ পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করলে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে আবদুল্লাহিল কাফীকে আটক করা হয়। এরপর তাকে হাজারীবাগে অপহরণ করে নির্যাতনের অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মহাপরিচালক এ টি এম আবু আসাদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে আবদুল্লাহিল কাফী দেশ ছেড়ে পালানোর জন্য এই পাসপোর্ট করেন।

তিনি বলেন, বিষয়টি ধরা পড়ার পর ভুয়া তথ্য দিয়ে নেওয়া সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আবু আসাদ জানান, আগারগাঁওয়ের পাসপোর্ট দপ্তরে ওই পুলিশ কর্মকর্তা সাধারণের বেশে এসে সবার জন্য নির্ধারিত কাউন্টারে পাসপোর্টের জন্য আবেদন করেন। তিনি পাসপোর্টের জন্য জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্প্রে ম্যান সুপারভাইজার পদ থেকে ইস্তফা দেওয়ার কাগজ জমা দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত