মাহমুদউল্লাহ কি সত্যিই অবসর নেবেন?

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৫ এএম

মাহমুদউল্লাহ কি অবসর নেবেন? তিনি কি সত্যিই অবসর নেবেন? গত তিন বছর ধরে তার অবসর বিষয়ক অনেক কথাই শোনা গেছে। একটাও সত্যি হয়নি। এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্ট সিরিজের মাঝে গুঞ্জন উঠেছে, তিনি নাকি দ্বিতীয় ম্যাচের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন। এজন্যই দেশের ক্রিকেটাঙ্গনে প্রশ্ন জেগেছে, সত্যিই কি তিনি অবসর নেবেন?

অনেকদিন ধরেই ফর্ম-ফিটনেস কোনোটাই নেই মাহমুদউল্লাহর। গত টি—টোয়েন্টি বিশ্বকাপে দলকে ডুবিয়েছেন। পুরো টুর্নামেন্টে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার ম্যাচে তার অবিশ্বাস্য ধীরগতির ব্যাটিং ক্রিকেটবিশ্বেই ব্যাপক সমালোচিত হয়েছে। সেই বাজে পারফর্মেন্সের পরও তাকে ভারত সফরের দলে রাখা হয়। সেটা নিয়েও কম সমালোচনা হয়নি।

দুই বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স বরাবরই করুণ। সেই আসরে যদি ভালো করতে হয়, এখন থেকেই দল তৈরি করতে হবে। বাংলাদেশের অধিনায়ক-কোচের কথাতেও উঠে এসেছে এই চিন্তা। তাহলে মাহমুদউল্লাহ কেন? এই ৩৯ বছর বয়সী ক্রিকেটারও কি তাহলে ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় আছেন?

বিশেষ করে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ সুযোগ পাওয়ায় এসব প্রশ্ন জোরেশোরে উঠেছে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে দলের বিপদে উদ্ভট শট খেলে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ। দুই বল খেলে করেন ১ রান। এমন পারফর্মেন্সের পর দ্বিতীয় ম্যাচ থেকে তার বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে। মাহমুদউল্লাহ যদি সত্যিই অবসর নেন, তাহলে তার পেছনে এটা বড় কারণ বলে শোনা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত