পোশাক শ্রমিকদের দাবি পূরণের ঘোষণার পর শিল্পাঞ্চল আশুলিয়ার কারখানাগুলোতে স্বস্তি ফিরেছে। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শিল্পাঞ্চলে বিভিন্ন এলাকায় অবিস্থত তৈরি পোশাক শ্রমিকরা যথাসময়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েনসহ যৌথ বাহিনীর সদস্যরা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের তৈরি পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতী পালন করেন। শ্রমিকরা জানায়, প্রতিদিন সন্ধ্যা ৭ টায় টিফিন দেয়ার কথা থাকলেও সোমবার রাতে ৭টার পরিবর্তে ৮ টায় টিফিন দেওয়া হয়েছে। এঘটনায় কারখানাটির শ্রমিকরা যথাসময়ে টিফিন প্রদানের দাবিতে কর্মবিরতী অব্যাহত রাখলে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চলের প্রায় সব কারখানা খুলে দেয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় শিল্পাঞ্চলের ৪টি কারখানা অনির্দিষ্টাকালের জন্য জন্য বন্ধ রয়েছে এবং বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
