বিবিসির প্রতিবেদন

'ভারত ছেড়ে শেখ হাসিনা কোথাও যাননি'

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ পিএম

মাস দুয়েক আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। খবর বিবিসি বাংলার।

প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্র নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’

তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি – কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’কে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আমরা তার বর্তমান অবস্থান যাচাই করতে পারিনি। আমরা দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতেও খোঁজখবর নিয়েছি, কিন্তু কেউই আনুষ্ঠানিক নিশ্চয়তা দিতে পারেননি।

তৌহিদ আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত প্রতিবেদন রয়েছে যে হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আজমানে গিয়ে থাকতে পারেন। আপনারা সবাই (সোশ্যাল মিডিয়াতে) যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে তিনি সম্ভবত আজমানে আছেন। কিন্তু আমরা তা ভালো মতো নিশ্চিত করতে পারিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত