তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলায় অনশন করছেন ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার তাদের সমর্থনে বড় পদক্ষেপ নিয়েছেন হাসপাতালটির সিনিয়র চিকিৎসকরা।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গণপদত্যাগ করেছেন আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালেই নাটকীয় মোড় নেয় আরজি করের আন্দোলন। অনশনে বসে থাকা চিকিৎসকদের সমর্থনে গণপদত্যাগ করেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক। রাজ্য সরকারকে চিঠি দিয়ে গণপদত্যাগ করেন তারা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকে দেওয়া চিঠিতে, আন্দোলনকারীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তারা।
অন্যদিকে ছাড়া আরজি করের চিকিৎসকদের পর ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকরা। বুধবারের মধ্যে ১০ দফা দাবি মানা না হলে তারাও ইস্তফা দেবেন বলে জানান। এছাড়া অনশনে থাকা জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানান তারা।
এদিকে সিনিয়র চিকিৎসকদের গণপদত্যাগ এবং কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকদের ইস্তফার হুঁশিয়ারির পর নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। হাসপাতালগুলোতে নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ চলছে জানিয়ে সবাইকে কাজে যোগদানের আহ্বান জানান তিনি।
