দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিমের মৃত্যুতে শোক প্রকাশ করে অবিলম্বে হত্যকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।
শুক্রবার (১১ অক্টোবর) সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ এক বিবৃতিতে বলেন, বিপ্লব উত্তর বাংলাদেশে এই ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা প্রকৌশল সমাজে এবং সারা দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দেবে। তাই অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর সাথে সাথে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অ্যাবের সকল নেতৃবৃন্দ প্রকৌশলী তামিমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত মর্মাহত ও ব্যথিত।
তারা বলেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে পাশ করা এবং দীপ্ত টিভিতে কর্মরত প্রকৌশলী তানজিল হাসান তামিম মহানগর আবাসিক এলাকায় তাদের পারিবারিক বাসায় কিছু দুষ্কৃতিকারীর আক্রমণের শিকার হয়। পরবর্তীতে প্রকৌশলী তামিম মৃত্যুবরণ করেন।
