ট্রাভেল কার্ড ইস্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৮ পিএম

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল কার্ড দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন বলেছেন, ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে, সেটা আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। কোনো মামলায় যদি তাকে (হাসিনা) আদালত হাজির করতে নির্দেশ দেন, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আজ শনিবার (১২ অক্টোবর) বিকালে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে অস্বস্তি ছিল, সেটা কাটিয়ে উঠার চেষ্টা করবো। আমাদের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক আছে, সেটা বজায় থাকবে। সম্পর্ক উন্নয়ন উভয়েরই দরকার। ভারতের যেমন আমাদের দরকার, তেমনি আমাদেরও তাদের (ভারতের) দরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সর্বদায় সম্প্রতিতে বিশ্বাসী। সারা দেশে দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সম্পন্ন হবে। তিনি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখী, সেবাসংঘ দুর্গামন্দির কমিটির সভাপতি সরোজ কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত