বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনই হবে গণতন্ত্রে উত্তরণের পথ। যত কম সময়ে সম্ভব নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা প্রচলিত করতে হবে। গণতান্ত্রিক ধারায় উত্তরণের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনতে হবে।
তিনি শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিরাজ করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখনো সেই অবস্থা বিরাজ করছে। দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।
এ সময় উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ—সাংস্কৃতিক বিষযক সম্পাদক সাঈদুর রহমান সাইদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।
