বগুড়ায় শেখ হাসিনাসহ ৪০০ নামে হত্যাচেষ্টা মামলা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:১৯ পিএম

বগুড়ায় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া বগুড়া শহরতলির আকাশতারা গ্রামের জেল্লাল ফকিরের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে শুক্রবার (১১ অক্টোবর) রাতে সদর থানায় ওই মামলা করেন।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ১৩২ নেতা-কর্মী।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ জুলাই দুপুরে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রল বোমা নিয়ে ছাত্রজনতার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাদী আব্দুল মজিদ মারাত্মক আহত হন। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার কারণে মামলা করতে বিলম্ব হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন জানান, বাদীর এজাহার মামলা হিসেবে দন্ডবিধির ১৪৩,৩২৬, ৩০৭ ও ১০৯ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত