বিশ্বকাপে ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পিএম

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন আসরেই ন্যূনতম সেমিফাইনালে খেলেছে ভারত। তবে এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। শারজায় রবিবার রাতে 'এ' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা ফিকে হয়ে গেছে।

ভারতের ভাগ্য এখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে। দুবাইয়ে আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান ছোট ব্যবধানে জিতলেই কেবল ভারতের ভাগ্য সুপ্রসন্ন হবে। নেট রানরেটে এগিয়ে থেকে সেমিতে জায়গা করে নিতে পারবে ভারত।

বর্তমানে ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান ৪ করে। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় ভারত ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে আর নিউজিল্যান্ড আছে তিনে। তবে কিউই নারীরা যদি পাকিস্তানকে হারায় তবে ভারতের আশা শেষ।

কিন্তু যদি পাকিস্তান ৪৭ থেকে ৬০ রানে জেতে তবে পাকিস্তান উঠে যাবে শেষ চারে। পরে ব্যাট করে সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য ১০ ওভারের মধ্যে পেরোতে হবে পাকিস্তানকে।

আর পাকিস্তান যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জেতে, কিন্তু ওপরের শর্ত পূরণ করতে না পারে, তাহলে সেমিফাইনালে উঠবে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত