গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে নিরাপদে সড়ক পারাপার করে দিতে পারলেও নিজে পার হতে পারেননি। ঘাতক বাসের চাপায় প্রাণ হারান বাবা শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে উপজেলার সূত্রাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর এলাকার জাফর হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত ৮ মাস আগে জীবিকার তাগিদে জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। এরপর তিনি উপজেলার সূত্রাপুর এলাকায় আনসার আলীর বাসা ভাড়া নিয়ে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। পরে তিনি তার ভাড়া বাসার পাশেই ভাঙ্গারী দোকান দিয়ে পুরাতন টিন, লোহাসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের ব্যবসা করে আসছিলেন। ছোট মেয়ে মৌসুমী আক্তার স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করার সুবাদে প্রায় নিয়মিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার করে দিতেন বাবা শহিদুল।
প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি ছোট মেয়েকে মহাসড়ক পারাপার করে দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন। ফেরার পথে সকাল ৮টার দিকে উপজেলার সূত্রাপুর জিএমএক্স কারখানার সামনে পারাপার হওয়ার সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা কেপি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাঙ্গারী ব্যবসায়ী শহিদুল ইসলাম মারা যান। ছোট মেয়েকে মহাসড়ক পারপার করে দিয়ে বাস চাপায় তার মুত্যর খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা নিহতের লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে গেছেন।
স্থানীয় সুত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান মিন্টু জানান, সড়ক দুর্ঘটনায় সূত্রাপুর এলাকার একজন ভাড়াটিয়া মারা গেছেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ওই ব্যবসায়ী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগে নিহতের লাশ তার স্বজনরা উদ্ধার করে তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছেন।
শেখ হাসিনা এদেশকে গণ কবরে পরিণত করেছিল: রিজভী
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে হার্ডলাইনে যাচ্ছে সরকার: শ্রম উপদেষ্টা
১৯ কোটি টাকার সেতু ব্যবহার হচ্ছে চটপটি ব্যবসা-ওয়াজের প্যান্ডেলে