কেন হারালেন ভূমিকা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:০৭ এএম

বলিউডের একসময়ের বেশ জনপ্রিয় মুখ ছিলেন ভূমিকা চাওলা। সালমান খানের সঙ্গে ‘তেরে নাম’ চলচ্চিত্রে অভিনয় করে সবার মন জয় করে নেন অভিনেত্রী। এরপর বেশ কিছু ব্যবসাসফল হিন্দি সিনেমায় কাজ করেছেন তিনি। হিন্দির পাশাপাশি আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সমানতালে কাজ করছেন ভূমিকা।

ভরত কুমারকে বিয়ের পরে তিনি হায়দরাবাদে চলে যান। সেখানে দুজনে প্রযোজনা সংস্থা শুরু করেন। ভূমিকা অভিনয় করতে থাকেন শুধু দক্ষিণী ছবিতেই। পাশাপাশি ‘মায়ানগর’ নামে একটি পত্রিকাও শুরু করেন। বলা হয় বিয়ের পর হারিয়ে যান তিনি। তবে তার এই হারানোর পেছনে অন্য কারণ বলে সম্প্রতি জানালেন অভিনেত্রী।

সালমান খানের সুপারহিট ছবি তেরে নামে নির্জারা চরিত্রে অভিনয় করে তারকা হয়েছিলেন। তখন ইন্ডাস্ট্রিতে মল্লিকা শেরাওয়াত, বিপাশা বসুর মতো সাহসী নায়িকাদের রমরমা। তাদের মধ্যে ‘গার্ল নেক্সট ডোর’ হয়ে এসে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ভূমিকা চাওলা। কিন্তু তারপরও ‘তেরে নাম’ ছবির নায়িকা ভূমিকা চাওলার পরিচয় হয়ে গেল ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’। এরপর তিনি প্রায় হারিয়ে গেলেন। কেন? কারণ, রাতারাতি দুটি ব্লকবাস্টার চলচ্চিত্র থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমিকা চাওলা জানান, তিনি তখন হতাশ হয়েছিলেন, যখন ইমতিয়াজ আলীর ছবি ‘জাব উই মেটে’ শাহিদ কাপুরের বিপরীতে কারিনা কাপুরকে নেওয়া হয়েছিল। ভূমিকা আরও জানান, গ্রেসি সিংকে তার জায়গায় সঞ্জয় দত্তের মুন্না ভাই এমবিবিএস ছবিতে কাস্ট করা হয়েছিল।

ভূমিকা চাওলা বলেন, ‘আমি প্রথমে জাব উই মেট সাইন করি কিন্তু আমাকে নেওয়া হয়নি। প্রথমে ববি দেওল এবং আমি তারপর শাহিদ কাপুর এবং আমি, এবং শেষে শাহিদ এবং কারিনা কাপুরকে নেওয়া হয়েছিল। এখন এসব নিয়ে খুব একটা ভাবি না।’ মুন্না ভাই এমবিবিএসে প্রধান চরিত্রে ভূমিকা হারানোর বিষয়ে কথা বলতে গিয়ে ভূমিকা চাওলা বলেন, ‘আমি মুন্না ভাই এমবিবিএসের জন্য সাইন করেছিলাম কিন্তু তা হয়নি। রাজকুমার হিরানির সঙ্গে কথা বললে তিনি জানান, অনেক কিছু ভেবেই তাকে বাদ দেওয়া হয়েছে।’

ভূমিকা এসব পরিস্থিতির সমালোচনা করে বলেন, ‘বিনোদন শিল্পে এ ধরনের সিদ্ধান্তগুলো বিভিন্ন কারণে নেওয়া হয়, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

ভূমিকার জন্ম ১৯৭৮ সালের ২১ আগস্ট, দিল্লিতে। জন্মগত নাম, রচনা। বাবা সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ায় তাদের তিন ভাইবোনের শৈশব কেটেছে কড়া নিয়মানুবর্তিতার মধ্যে। ১৯৯৭ সালে কাজের সূত্রে মুম্বাই যান ভূমিকা। কাজ শুরু করেন মিউজিক ভিডিওতে। পাশাপাশি বিজ্ঞাপনের ছবিতেও তাকে দেখা যাচ্ছিল। প্রথম ছবিতে অভিনয় ২০০০ সালে। ভূমিকা অভিনয় করেন তেলুগু ছবিতে।

পরের বছর তার তেলুগু ছবি ‘খুশি’ সুপারহিট হয়। জনপ্রিয়তার সুবাদে দুই বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অন্যতম মুখ হয়ে ওঠেন ভূমিকা। এবার তার কাছে সুযোগ আসে বলিউড থেকেও। এরপরই সুযোগ মেলে সালমানের ‘তেরে নাম’ ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন। ২০০৮ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ইয়ারিয়ানে কাজ করেছিলেন। তিনি মালায়লাম সিনেমায় ও অভিনয় করেন। তিনি সুপারস্টার মোহনলালের সঙ্গে ভ্রমরম ছবিতে অভিনয় করেন। তিনি সালমান খানের বিপরীতে ২০২৩ সালের চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত