ফের ওয়েব ফিল্মে জুটি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১২:০৮ এএম

নাটকে অভিনয় কমিয়ে এখন ওটিটি প্ল্যাটফর্মে মনোযোগ দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। গেল ঈদে ‘গোলাম মামুন’ সিরিজ দিয়ে দর্শক মাতিয়েছেন, এরপর আর কোনো কাজের খবর সেভাবে পাওয়া যায়নি।

নতুন খবর, ফের ওয়েবে নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। নতুন এই ওয়েব ফিল্মের নাম ‘হাউ সুইট’। এটি নির্মাণ করবেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। এই জুটি হঠাৎ দেখা, হার্টবিট, কেমন আছো তুমি, ভালোবাসার ডায়েরি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন। সর্বশেষ এই জুটিকে দেখা গেছে ২০২০ সালে, ‘হঠাৎ দেখা’ নাটকে। এরপর আর তাদের পাওয়া যায়নি। অবশেষে চার বছর পর ফিরছেন তারা। অন্যদিকে এই ওয়েব ফিল্মের মধ্য দিয়ে অপূর্বর সঙ্গে ওটিটিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তাসনিয়া ফারিণ। এর আগে তাদেরকে দেখা গিয়েছিল ‘ট্রল’ ওয়েব ফিল্মে।

গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন এই ওয়েব ফিল্মটির ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। জানা গেছে, শিগগির ফিল্মটির শুটিং শুরু হবে। এটি মুক্তি পাবে আগামী বছরের ভালোবাসা দিবসে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অপূর্বর ওপার বাংলার সিনেমা ‘চালচিত্র’। এ ছাড়া শিগগির তিনি অংশ নেবেন ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তির শুটিংয়ে। অন্যদিকে ভিসা জটিলতায় কলকাতার দুই সিনেমা থেকে বাদ পড়েছেন ফারিণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত