‘স্পেশাল’ জয় পেল পাকিস্তান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ এএম

মুলতানের দ্বিতীয় টেস্টের মাহাত্ম্য বুঝতে ফিরে যেতে হবে ৫২ বছর আগে। লর্ডসে ১৯৭২ সালে ইংল্যান্ড ব্যাটসম্যানদের নাক-চোখের পানি এক করেছিলেন অস্ট্রেলিয়ার বব ম্যাসি এবং ডেনিস লিলি। ম্যাসির ১৬ ও লিলির ৪ মিলিয়ে ২০টির সবগুলো উইকেট শিকার করেছিলেন এ দুজন। তারপর এই প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের ২০ উইকেটই ভাগাভাগি করে নিলেন দুই বোলার, নোমান আলি ও সাজিদ খান। তাতে ৪৪ মাস ১১ দিন পর টেস্টে ভুলে যাওয়া জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডকে তারা হারিয়েছে ১৫২ রানের ব্যবধানে।

অধিনায়ক হিসেবে প্রথম জয় পাওয়া শান মাসুদ বলেছেন, ‘প্রথম কিছু সবসময়ই স্পেশাল। কঠিন সময়ের পর এসেছে এই জয়... ছেলেদের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন তুলতে ও তাদের নিবেদন এবং এর সঙ্গে সম্পৃক্ত কাউকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।’

টেস্ট ইতিহাসেই মাত্র সপ্তমবার ঘটল দুই বোলারের ২০ উইকেট নেওয়ার ঘটনা। অবশ্য নোমান ও সাজিদ অনন্য আরেকটি দিক থেকে। কেননা দুজনই যে স্পিনার। আর স্পিনারদেরই ২০ উইকেট নেওয়ার ঘটনা ইতিহাসে ঘটল মাত্র দ্বিতীয়বারের মতো। ৬৮ বছর আগে, ১৯৫৬ সালে স্পিনারদের ২০ উইকেট নেওয়ার সাক্ষী হয়েছিল বিশ্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা বোলিং ফিগার উপহার দিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকার। ম্যানচেস্টারের ওই টেস্টে অবিশ্বাস্যভাবে জিম একাই নিয়েছিলেন ১৯ উইকেট। আর বাকি উইকেটটি পেয়েছিলেন টনি লক।

ঘরের মাটিতে পাকিস্তান সর্বশেষ টেস্ট জিততে পেরেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ছয় টেস্টে টানা পরাজয়ের পর অবশেষে জিততে পারল তারা। এ জয়ে সবচেয়ে বড় স্বস্তি বোধহয় পেয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। টানা ছয় হারের পর অধিনায়ক হিসেবে তার প্রথম জয় এটি। জয়ের দুই কারিগর সাজিদ ও নোমান। একজন টেস্ট খেললেন দেড় বছর পর, আরেকজন ৯ মাস পর। ফেরার টেস্ট স্মরণীয় করে রাখলেন দুজনই।

দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৮ উইকেট শিকার করে রেকর্ড বইয়ে নাম তোলেন নোমান। পাকিস্তানের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৩৮ বছর পেরিয়ে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৩৮ বছর ৮ দিন বয়সে ম্যাচটি শুরু করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তার প্রাপ্তি ১৪৭ রানে ১১ উইকেট। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ম্যাচে ১০ উইকেট নেওয়ার আগের রেকর্ডটি ছিল সাঈদ আজমলের (৩৫ বছর ৩৪২ দিন)। প্রথম ইনিংসে ৭ উইকেট শিকারি সাজিদ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২টি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২২ রানের কার্যকর ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচসেরার সম্মান।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া শেষ টেস্টটি তাই সিরিজের ফল নির্ধারণ করে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত