মুঘল সাম্রাজ্যের দ্বৈরথ নয়, এসিসি ইমারজিং কাপে বাংলাদেশ-হংকং ম্যাচের গল্প এটি। আগে ব্যাট করা বাবর হায়াতের ৮৫ রানের ইনিংসে চেপে বাংলাদেশকে ১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছিল হংকং, চীন। অধিনায়ক আকবর আলী চ্যালেঞ্জটা নিয়েছেন, এবং ২৪ বলে ৪৫ রানের দারুণ ইনিংসে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলকে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আসরের শুরুর ম্যাচে প্রতিপক্ষ ছিল হংকং। ওমানের আল আমারাত স্টেডিয়ামে প্রথম স্পেলে ৩ ওভার করেছিলেন রিপন। দ্বিতীয় ওভারে তুলে নেন হংকংয়ের দুই ওপেনার জিশান আলী ও অ্যানশি রাথের উইকেট। জিশান ৪ ও রাথ ২ রান করেন। অধিনায়ক নিজাকাত খান হাল ধরেছিলেন বাবর হায়াতের সঙ্গে। তাকে ২৫ রানে ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বী। অন্য প্রান্তে কেউ বিপদের কারণ হয়ে দাঁড়াতে না পারলেও বাবর হায়াত বাংলাদেশকে বেশ ভুগান। আইজাজ খান ২, মার্টিন কোয়েতজে ৭ ও নাসরুল্লা রানা শূন্য রান করে আউট হন। দ্বিতীয় স্পেলে দলীয় ১৮তম ওভারে বল হাতে নেওয়া রিপনের শিকার হন শেষের দুজন।
হংকংয়ের হাল ধরা বাবর ৭ ছক্কা ও ২ চারে ৬১ বলে ৮৫ রান করেন। অধিনায়ক নিজাকাত খান করেন ২০ বলে ২৫ রান। বাংলাদেশের হয়ে দুই স্পেলে দুটি করে মোট ৪টি উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। বিনিময়ে রান দেন ২৪। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বী।
লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩১ রান তুলে দিয়ে ফেরেন ১১ বলে ১১ রান করা জিশান আলম। প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফ হাসানও। ৬ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রথম ওভারে ছক্কা হাঁকানো পারভেজ হোসেন ইমনের ইনিংস থামে ২৮ রানে। এরপর জুটি হয় তাওহীদ হৃদয় ও আকবর আলীর মধ্যে। হৃদয়কে দর্শক বানিয়ে অন্যপ্রান্তে ঝড় তুলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে ইয়াসিম মুরতাজার এক ওভারেই আসে ২১ রান। ওই ওভারে ২টি ছয় ও ২টি চার মারেন আকবর। ৫৪ রানের জুটি ভাঙে হৃদয়ের আউটে। ২২ বলে ২টি চার ও একটি ছয় হাঁকান জাতীয় দলের এই ব্যাটার।
দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন আকবর। ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি। বাকি কাজটা সারেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বী। হংকংয়ের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন ইহসান। একটি করে উইকেট পান আতিক ইকবাল ও নাসরুল্লা। শামীম ১৫ বলে ১৯ ও রাব্বী ৮ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। ‘এ’ গ্রুপের পরের ম্যাচে রবিবার আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবেন আকবররা।
