দুই বছর আগে যাদের ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল, সেই পাকিস্তানকে সমীহর জায়গায় রেখে শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে সেমিফাইনাল। এমন সহজ সমীকরণ মেলানোর ম্যাচে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার সরাসরি দিচ্ছেন না জয়ের নিশ্চয়তা। ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ দেখে এই কোচ ভীষণ সতর্ক। তিনদিন আগে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে বাংলাদেশের কাজ অনেকটাই সহজ করে দেয় ভারত। তবে পাঁচ গোল হজমের বিপরীতে পাকিস্তানকে দুই গোল করতে দেখেই খানিকটা ভাবনায় বাংলাদেশ কোচ।
দুই বছর আগে এই মাঠে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছিল সবচেয়ে বড় সাফল্য। ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয় বাংলাদেশ। এরপর অবশ্য অনেক জল গড়িয়েছে। অমন সাফল্যের পরও পথহারা হয়েছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে যতটা প্রস্তুতি প্রয়োজন ছিল তা তারা নিতে পারেনি বাংলাদেশের আর্থিক সংকট এবং অদূরদর্শিতার কারণে। সাফ শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে বাংলাদেশের ভাগ্যে জোটেনি কোনো প্রস্তুতি ম্যাচ। তাছাড়া ভবিষ্যৎ নিয়ে হতাশায় সাফজয়ী দলের অনেক খেলোয়াড় খেলা ছেড়ে দিয়েছেন। শিরোপা জয়ের অভিযানে সেবার বাংলাদেশ পাঁচ ম্যাচে করেছিল ২৩ গোল। বিপরীতে মাত্র এক গোল হজম করার মধ্য দিয়েই বোঝা গিয়েছিল রক্ষণটা কতটা নিরেট ছিল তাদের। তবে এবার সেখানেই বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা নির্ভরযোগ্য সেন্টারব্যাক আঁখি খাতুন না থাকায়। অভিমানে খেলা ছেড়ে আঁখি এখন পাড়ি জমিয়েছেন চীনে। আঁখির মতো খেলা ছাড়েন সেই দলের অন্যতম স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নাও। আর সেই সাফল্যের নেপথ্যের কারিগর ছিলেন যে কোচ, সেই গোলাম রব্বানী ছোটনও যোগ্য সম্মান না পেয়ে অপমানে-অভিমানে ছেড়ে দেন বাফুফের চাকরি।
পাকিস্তানের বিপক্ষে বাটলার দুটি ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে যাওয়ার কথা বলেছেন, ‘আমাদের গ্রুপটা খুব কঠিন হয়েছে এবার। তাই জয়ের কথা সহজে বলতে পারছি না। প্রতিপক্ষকে আমাদের সম্মান করতেই হবে। পাকিস্তান-ভারত ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। আমি মনে করি পাকিস্তানে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে। ৪-০ থেকে ওরা ৪-২ করেছিল এক সময়। ফিজিক্যালি, সেট-পিসে ওরা ভালো। তাই ওদের হালকাভাবে নিচ্ছি না। ওদের হারাতে সব সময় আমাদের প্লান ‘এ’ ও প্লান ‘বি’ থাকবে।’
নেপালে বাংলাদেশকে শীতল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত। একাদশ গড়ার আগে এ বিষয়টাকেও মাথায় রাখতে হচ্ছে বাটলারকে। আজ একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন বাটলার। অভিজ্ঞ সেন্টারব্যাক মাসুরা পারভীন, মিডফিল্ডার মারিয়া মান্ডা, উইঙ্গার সানজিদাকে শুরুতে দেখা নাও যেতে পারে।
