মুশফিকের পর এবার অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট মার্শাল

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম

অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের সঙ্গে বাংলাদেশকে প্রথম পরিচয় করিয়েছিলেন মুশফিকুর রহিম। সেটা ছিল আন্তর্জাতিক ম্যাচে। এবার আরও এক বাংলাদেশি ক্রিকেটার হয়েছেন একইভাবে আউট। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে মুশফিককে অনুসরণ করেছেন মার্শাল আইয়ুব। এভাবে আউট হওয়ার বাংলাদেশির সংখ্যা এখন ২।  

গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে অহেতুক হাত দিয়ে বল সরাতে গিয়ে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছিলেন মুশফিক। জাতীয় ক্রিকেট লিগে এমন দুর্ভাগ্যের সঙ্গে পরিচয় হয়েছে মার্শাল আইয়ুবের। সিলেট একাডেমি গ্রাউন্ডে বরিশালের বিপক্ষে ঢাকা মহানগরের প্রথম ইনিংসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন মার্শাল। মুশফিকের মতো হ্যান্ডলড দ্য বল করে নয় ‘আসল’ অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটই হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

মহানগরের ইনিংসের ১১৬তম ওভারের ঘটনা। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৫তম সেঞ্চুরি পেয়ে যাওয়া মার্শাল এগোচ্ছিলেন আরও বড় কিছু করার দিকেই। পেসার কামরুল ইসলামের করা ওভারের দ্বিতীয় বলটাকে কাভারের দিকে ঠেলেই ১ রান নিতে ছোটেন মার্শাল। ফিল্ডার বল ধরে ছুড়ে দেন নন–স্ট্রাইকিং প্রান্তে। সেটি গিয়ে লাগে ধাবমান মার্শালের গায়ে। বোলার কামরুল ও ফিল্ডার দুজনই আম্পায়ারের কাছে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের আবেদন করেন।

মার্শাল ইচ্ছা করেই রানআউট হওয়া থেকে বাঁচতে এমন করেছেন এমনটা মনে করে আম্পায়ার দাবি মেনে আউট দিয়ে দেন। ‘ইতিহাস গড়ে’ মার্শাল যখন ফিরলেন, তখন তার রান ১২৭।

‘ইতিহাস গড়ে’ মার্শাল যখন ফিরলেন, তখন তার রান ১২৭। প্রথম শ্রেণির ক্রিকেটের ২০০ বছরের ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউটের ঘটনা মাত্র ৩৯টি।

মার্শালের অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ আইচ মোল্লা। ২৫০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২২ রান করেছেন আইচ। মার্শাল ১২৭ রান করেছেন ১৯৯ বলে, আইচের মতোই ১৫টি চার ও ১টি ছক্কা তাঁর ইনিংসেও। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ১৭৪ রান। মার্শালের দল ৫ উইকেটে ৪০৮ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। ব্যাট করতে নেমে বরিশাল বিনা উইকেটে ২২ রান তুলে শেষে করেছে দিন।

পাশের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৩২ রানের লিড নিয়েছে রাজশাহী। ৪ উইকেটে ৩৮৫ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী আর মাত্র ৪১ রান যোগ করেই অলআউট ৪২৬ রানে। খুলনার আল আমিন নিয়েছেন ৫ উইকেট। ৯১ রান নিয়ে দিন শুরু করা ফরহাদ ফিরেছেন ৯৩ রানে। এরপর খুলনা অলআউট ১৯৪ রানে। রাজশাহীর অফ স্পিনার এসএম মেহরব ৩৫ রানে নিয়েছেন ৬ উইকেট।

খুলনায় দ্বিতীয় দিনে শুরু ম্যাচে সিলেট প্রথম ইনিংসে অলআউট ১৪৬ রানে। ঢাকা বিভাগ করেছে ১ উইকেটে ৩৮ রান। বগুড়ায় রংপুর-চট্টগ্রাম ম্যাচ দ্বিতীয় দিনে মাঠে গড়ালেও খেলা হয়েছে মাত্র ২১ ওভার। রংপুর ১ উইকেটে করেছে ৬৯ রান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত