আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে: আমিনুল হক

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নতুন কৌশলে পুনর্বাসন করার অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

আজ রবিবার (২০ অক্টোবর) বিকেলে রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের ওপর জুলুম-অত্যাচার-নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। ছাত্র-জনতার গণআন্দোলনে হাজার হাজার ছাত্র ভাই, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। সেই শহীদ ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ আওয়ামী স্বৈরাচার সরকারের দোসরদের বিচারের আওতায় না এনে নতুন কৌশলে তাদের পুনর্বাসন করার চেষ্টা করে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার এদেশের জনগণের ওপর গত ১৭ বছরে জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। আগে তাদের বিচার করতে হবে। তারপর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের অবস্থান কোথায় থাকবে। কারণ বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। কোনো আওয়ামী লীগের স্থান হতে পারে না। এদের প্রতিরোধ করতে হবে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক আলহাজ্ব নাদের খান। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য হাজী মো. ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, এম এস আহমাদ আলী, মিজানুর রহমান ইসহাক, মীর কামাল, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত