গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নাতি ও নাত বউয়ের লাঠির আঘাতে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (কাঠগড়াহাট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওরফে ভোলা ওই গ্রামের মৃত- আছর প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নাতি ও দাদার মধ্যে বিরোধ চলে আসছিল। জমিজমা নিয়ে মাঝে মধ্যেই উভয়ের মধ্যে বাকবিতন্ডা চলতো। কিন্তু রবিবার রাতে নাত বউ রেখা বেগমের সাথে বাচ্চা নিয়ে খালেকের বাকবিতন্ডার তৈরি হয়। স্ত্রীর সাথে দাদার বাকবিতন্ডায় ক্ষিপ্ত হয়ে ওঠে আলম মিয়া। এরই একপর্যায়ে নাতি আলম মিয়ার সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরে সে ও তার স্ত্রী রেখা বেগম দুজনেই দাদা আব্দুল খালেককে লাঠি দিয়ে স্বজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে। আটক আলম মিয়া (৩৫) একই গ্রামের মৃত- হবিবুর ছেলে ও তার স্ত্রী রেখা বেগম (৩০)।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সেলিম রেজা বলেন, পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সেলিম রেজা।
