আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • সোমবার সকালে বাইপাইলে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করে শ্রমিকরা
  • শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এর আগে সকাল ৮ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বাইপাইলের দিকে যায় শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, গত তিন মাস থেকে কোনো বেতন বোনাস পায়নি তারা। বেতন না দিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে দফায় দফায় মালিকপক্ষের সাথে কথা হলে তারা বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাস অতিবাহিত হলেও বেশিরভাগ শ্রমিক বেতন বোনাস পায়নি। এছাড়া কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের।

শ্রমিকরা আরও জানান, এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই গত মাসের আগেই কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় আশ্বাস দিলেও তিন মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বাসা ভাড়া ও দোকান বাকি থাকায় অনেককেই না খেয়ে দিন পার করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মহাসড়কে নেমেছেন তারা। বেতন পরিশোধ করা না হলে অবরোধ চলবে বলেও জানান শ্রমিকরা।

এদিকে দুপুরের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশও রয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে অবরোধ করায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কও বন্ধ রয়েছে। সড়ক অবরোধের কারনে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারন মানুষ।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। এরা জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিক। কেউ দু’মাস কেউ আরো বেশি মাসের বেতন পায়নি। আলোচনা চলছে।‘

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত