এক দিনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডালিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পিএম

একদিনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. গাজী মো. সাইফুজ্জামানের পদ গ্রহণ করেছেন কলেজছাত্রী ডালিয়া। আজ সোমবার মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরে সাইফুজ্জামানের কার্যালয়ে তিনি প্রতীকীভাবে তার ভূমিকা ও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, উন্নয়নমূলক সংস্থা, কর্পোরেট ও ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে একদিনের জন্য টেকওভার করছে, যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। এই টেকওভার বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে, চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে থাকে। যা তাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এমন উদ্যোগ এবং সমস্যাগুলির সঙ্গে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাগুলি মূল্যায়ন করে থাকে।

কলেজছাত্রী ডালিয়া তার এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। যুব নারীদের উৎসাহিত করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশেকে ধন্যবাদ জানিয়ে ডালিয়া বলেন, ডিজির দায়িত্ব আমাকে বুঝিয়ে দেওয়ার পর আমি সভায় অংশ নিয়েছি। আমার মতামতকে তারা গুরুত্ব দিয়েছে। আমি এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব, তা কখনো ভাবিনি।

যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে ডালিয়া বলেন, আমাদের মতো মেয়েদের নিয়ে তারা যে কাজ করছে এবং কাজ করার পরিকল্পনা করছে। যুবরা যাতে এগিয়ে যায়, এই প্রত্যাশা করি।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেছেন, জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যৌথভাবে আয়োজিত টেকওভার কর্মসূচিতে ডালিয়া মহাপরিচালক, গ্রেড ১, যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব গ্রহণ করেছে। তার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। সে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুক এই প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, জাতীয় যুব দিবসের প্রাক্কালে কন্যা শিশু বা নারীর ক্ষমতায়ন আমাদের আনন্দিত করে। আমরা দেখেছি সমাজের সবচেয়ে ভালো কাজের বেশিরভাগই নারীরাই করে। কন্যা শিশুরা সেই অর্থে আগামী দিনের সম্ভাবনা। সমাজের শৃঙ্খলা, পরিবারের শৃঙ্খলা, কিংবা প্রতিষ্ঠানে মেয়েদের সুশৃঙ্খল আচরণ থাকে। সেই অর্থে যুব উন্নয়ন অধিদপ্তরের চেয়ারকে অলঙ্কৃত করে ডালিয়া কন্যা শিশুদের যে অমিত সম্ভাবনা বিকাশকে ত্বরান্বিত করেছে। আমি তার সাফল্য কামনা করছি।

জাতিসংঘ ঘোষিত এবারের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতিপাদ্য, “গার্লস ভিশন ফর দ্য ফিউচার’’। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিপাদ্যটি হলো “ইউনাইট ফর পিস”। অপরদিকে এ বছরের জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”।

এই বছরের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য অন্য বছরগুলোর তুলনায় কিছুটা ভিন্নধর্মী। প্রতিপাদ্যটিতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিকূলতার মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মেয়েরা শুধু সাহসী নয়, তারা আশাবাদীও বটে। তাদের এই আশা এবং স্বপ্নই পরিবর্তনের সূচনা ঘটাবে এবং সমতার পৃথিবী গড়ে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত