রাউজানে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থপাঠ ও পাঠাগার সংহতির বিভাগীয় মতবিনিময়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

চট্টগ্রামের রাউজানে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থপাঠ কার্যক্রম নিয়ে আলোচনা এবং বেসরকারি গ্রন্থাগার সংহতির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনবিার (২৮ নভেম্বর) রাউজানের শিলানন্দ পাঠাগারে আয়োজিত এ অনুষ্ঠানে পাঠাগারটির পাঠক এবং পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বেসরকারি পাঠাগারের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থপাঠ কার্যক্রম নিয়ে পাঠকদের সঙ্গে আলোচনা হয়। এ সময় বেগম রোকেয়ার কালজয়ী রচনাটির তাৎপর্য এবং তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

দ্বিতীয় পর্বে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির জাতীয় কমিটির নেতারা চট্টগ্রাম বিভাগের ১৫টি বেসরকারি পাঠাগারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও গতিশীল করতে চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি জাতীয় কমিটির সভাপতি মো. শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, দপ্তর সম্পাদক আশিকুর রহমান ভুলু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নান্টু বড়ুয়া এবং অর্থ সম্পাদক এফেসান খান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এ সময় পাহাড় ও সমতলের বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিরা তৃণমূল পর্যায়ে পাঠাগার আন্দোলন আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বেগম রোকেয়া পাঠাগার পরিদর্শন করেন অতিথিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত