আট নম্বরে নেমে প্রথম টেস্ট ফিফটি, সেটাও মিরপুরের মাঠে

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:২৯ পিএম

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের প্রথম ইনিংসে কোনো ফিফটি নেই। সর্বোচ্চ ৩০ রান করেছেন মাহমুদুল হাসান। সেই একই উইকেটে দক্ষিণ আফ্রিকার আট নম্বর ব্যাটার ওয়েন মুল্ডার ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিলেন। তার এবং ভেরানের জুটিতে শক্ত অবস্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকা।

আজ মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিন সকালের দেড় ঘণ্টার মতো কোনো উইকেট পায়নি বাংলাদেশ। এই সময়ে সপ্তম উইকেটে দুজনে মিলে গড়েন ২০০ বলে ‌১১৯ রানের জুটি্। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন মুল্ডার।

জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন মুল্ডার। এর আগে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪২। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে মুল্ডারের সেঞ্চুরি আছে ১১টি। অর্থাৎ, ব্যাটিংটা তিনি ভালোই জানেন। মুল্ডারের ফিফটিতে অবশ্য মুমিনুল হকের ‘অবদান’ আছে। ব্যক্তিগত ৪৭ রানে শর্ট লেগে মুল্ডারের দেওয়া সহজ ক্যাচ ফেলেন মুমিনুল। পরে ১১২ বলে ৫৪ রান করে হাসান মাহমুদের শিকার হন মুল্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত