চোটে পড়ে একটা বছর যেমন কাটালেন নেইমার

মাঠের বাইরে থাকা প্রতিদিন আমাকে কষ্ট দিয়েছে। এটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ পিএম

২০২৩ সালের শেষভাগটি ছিল নেইমারের জন্য এক দুঃস্বপ্নের মতো। একদিকে তার নতুন সন্তানের মায়ের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া, অন্যদিকে এসিএল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ঘটনা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। ১৭ অক্টোবর, ব্রাজিল বনাম উরুগুয় বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলার সময় মাঠে হঠাৎ পড়ে গিয়ে তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠেন নেইমার। তাকে মাঠ থেকে স্ট্রেচারে তুলে নেওয়া হয়। আল-হিলালের কর্মকর্তারা, যারা মাত্র দুই মাস আগেই নেইমারের জন্য ৭৮ মিলিয়ন খরচ করেছিলেন এবং ২৬০ মিলিয়নের চুক্তি করেছিলেন, তখন দুশ্চিন্তায় পড়ে যান। নেইমার  ফিরলেও তাদের সেই দুশ্চিন্তার অবসান হয়নি। 

২০২৩ এর বিশ্বকাপ বাছাই ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার

চোটে পড়ার চার দিন আগেই ভেনেজুয়েলার সাথে ব্রাজিল ১-১ গোলে ড্র করার পর একজন ভক্ত নেইমারের দিকে পপকর্ন ছুঁড়ে মেরেছিলেন। সে ঘটনায় নেইমার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি উরুগুয়ের ম্যাচ প্রায় বর্জন করতেই যাচ্ছিলেন। যদি আরও কিছু পপকর্ন তার দিকে ছুঁড়ে মারা হতো, তবে তার জীবন হয়তো একদম ভিন্নভাবে এগিয়ে যেত।

এসিএল লিগামেন্টের চোট একজন ফুটবলারের জন্য সবচেয়ে খারাপ চোটগুলোর একটি, এবং নেইমারের বাম হাঁটুতে মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনই তার ২০২৪ সালের কোপা আমেরিকায় অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়। এবং তিনি তা মিস করেন শেষপর্যন্ত। 

চোটে পড়া ছাড়াও নেইমারের জীবনে এই একটা বছর ছিল ব্যক্তিগত সম্পর্ক ভাঙা-গড়া, নতুন বাবা হওয়ার আনন্দ, আর নানা কেলেঙ্কারি জর্জরিত হওয়ার বছর। তিনি বিলাসবহুল গাড়ি কিনেছেন, ডেভিড বেকহামের সাথে পার্টি করেছেন, তবে একই সাথে তার শারীরিক অবস্থা নিয়ে উপহাসের শিকার হয়েছেন এবং তার পোকার খেলার আসক্তি নিয়েও সমালোচনা হয়েছে। নেইমার নিজেই বলেছেন, ‘আমি প্রতিদিন কষ্ট সহ্য করেছি।’

বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় নেইমারের

অক্টোবর মাসে চোটে পড়ার নভেম্বরের শেষ দিকে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাথে সম্পর্ক ছিন্ন হয় নেইমার। অথচ তার মাত্র কয়েকদিন আগেই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন নেইমার। স্পেনের একটি নাইটক্লাবে দুজন ভিন্ন নারীর সাথে তার পার্টি করার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতারণার অভিযোগ তোলে বিয়ানকার্ডি। 

নেইমারের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছিল যে তিনি ব্রাজিলিয়ান 'ওনলি ফ্যানস' তারকা আলিনে ফারিয়াস-এর কাছে নগ্ন ছবি চেয়েছিলেন। সেই ক্ষুদে বার্তাগুলো 'অনেক আগে' দাবি করলেও বিতর্ক থামেনি। আরও কিছু অভিযোগ উঠেছিল ইনফ্লুয়েন্সার ফার্নান্দা ক্যাম্পোস এবং একটি হাঙ্গেরিয়ান মডেলের সাথে তার সম্পর্ক নিয়ে। হাঙ্গেরিয়ান মডেলটি দাবি করেছিল যে তার ১০ বছরের কন্যা নেইমারের সন্তান এবং নেইমারকে প্রতি মাসে ২৫ হাজার পাউন্ড দিতে হবে।

এতসব বিতর্কের মধ্যে, নেইমার সামাজিক মাধ্যমে বিয়ানকার্ডিকে প্রকাশ্যে ক্ষমা চান। তিনি লিখেছিলেন, 'ব্রু, আমি তোমার এবং তোমার পরিবারের জন্য এটা করছি। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমাপ্রার্থী।' যদিও তখন তাদের সম্পর্ক পুনরুদ্ধার হয়নি, কিন্তু পরে এপ্রিল মাসে নেইমার ব্রুনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাদের সম্পর্ক আবার গড়ে ওঠে।

91065999-13982837-Neymar_had_to_wipe_away_the_tears_as_spoke_about_the_year_he_has-a-48_1729513533756

ফেব্রুয়ারি মাসে নেইমার মাঠে ফিরে আসেন, কিন্তু তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে অস্বাভাবিক মুটিয়ে যাওয়া অবস্থায় দেখা যায়। ভক্তরা তাকে নিয়ে উপহাস করতে শুরু করে। এটি ঠিক এমনই একটি ঘটনা যা আগেও রোমেলু লুকাকু এবং গনজালো হিগুয়েইনের মতো ফুটবলারদের সাথেও ঘটেছে। নেইমারের মতো তারকাও এই ধরনের সমালোচনা থেকে রেহাই পাননি।
গত এপ্রিলে নেইমার তার কন্যার ছয় মাস পূর্তি উপলক্ষে একটি পোকার পার্টিতে অংশ নেন এবং এ নিয়ে অনলাইনেও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তিনি তার কন্যাকে ‘সবচেয়ে সুন্দর রাজকন্যা’ বলে অভিহিত করে লিখেছিলেন, ‘ছয় মাস পেরিয়ে গেছে’। একজন ভক্ত সেই বার্তার জবাবে বলেছিলেন, ‘এই লোক শেষ হয়ে গেছে।’ নেইমার তখন জানান, খেলা ছাড়ার পর পেশাদার পোকার খেলোয়াড় হওয়ার পরিকল্পনা করছেন।

ডেভিড বেকহ্যাম-ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে পার্টিতে নেইমার

এই এক বছর নেইমারকে অবসরকালীন জীবনের একটা ঝলক দেখার সুযোগও করে দিয়েছে। ফেব্রুয়ারিতে পৌণে তিন লাখ পাউন্ড মূল্যের রোলস-রয়েস ঘোস্ট কিনে নেইমার গাড়িটিকে তার ‘নতুন সন্তান’ বলেও অভিহিত করেন। তার কাছে ইতোমধ্যে অ্যাস্টন মার্টিন, বেন্টলি এবং ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি ছিল, আর আল-হিলালের সাথে চুক্তির অংশ হিসেবে তিনি আরও তিনটি বিলাসবহুল গাড়ি চেয়েছিলেন। তার গ্যারেজ এখন নিজস্ব একটি গ্র্যান্ড প্রি আয়োজন করতে পারে।

এরপর মার্চ মাসে তিনি বাহরাইন ফর্মুলা ১ গ্র্যান্ড প্রিক্সে অংশ নেন, এবং এরপর মিয়ামিতে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের সাথে ডিনারে যান। মিয়ামি মারলিন্সের এমএলবি সিজন ওপেনারের সময় নেইমার প্রথম বল ছুঁড়ে দেন।

নেইমার এবং ডেভিড বেকহামকে একটি ছবিতে দেখা যায় যেখানে তারা ডেভিড গ্রুটম্যানের সাথে ছিলেন। গ্রুটম্যান মিয়ামির বেশ কিছু রেস্তোরাঁর মালিক, যার মধ্যে একটি হলো জেকো, যেখানে তারা একসাথে রাতের খাবার উপভোগ করেন। নেইমার ফুটবল ক্যারিয়ার শেষ হলে এমন জায়গায় আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন।

অবশেষে মাঠে ফিরেছন নেইমার

এরপর মাত্র এক সপ্তাহ আগে তিনি সৌদি আরবের ‘ছিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্টে উপস্থিত হন এবং রাফায়েল নাদালের সাথে দেখা করেন। তবে ভক্তরা তার এই উপস্থিতি ভালভাবে নেয়নি। যখন তিনি কোর্টে আসেন, তখন ৮,০০০ আসনবিশিষ্ট 'দ্য ভেন্যু' অ্যারেনায় তাকে সমবেত ভক্তরা উচ্চস্বরে দুয়ো দেয়। এমনকি সেখানে ‘রোনালদো! রোনালদো!’ বলে চিৎকার শোনা যায়। কারণ ভক্তদের মনে আক্ষেপ- ক্রিশ্চিয়ানো রোনালদো আল-নাসরে যোগ দেওয়ার পর সৌদি আরবে বিশাল সফলতা অর্জন করেছেন, নেইমার পারেননি। 

শেষপর্যন্ত নেইমার সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন। তার এই ফিরে আসাটা কতোটা দরকারী ছিল তা বোঝাতে গিয়ে এক ভিডিওতে কাদতে কাদতে বলতে শোনা যায়, ‘আমি জীবনে সবচেয়ে বেশি ফুটবল খেলতে চাই। মাঠের বাইরে থাকা প্রতিদিন আমাকে কষ্ট দিয়েছে। এটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে।’

বিপুল অঙ্কে আল হিলালে যোগদানের পর মাত্র ষষ্ঠ ম্যাচ খেললেন সৌদি ক্লাবটির হয়ে। নেইমার বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের—আমার পরিবার, বন্ধু, এবং ফুটবলে মনোনিবেশ করছি। আমি প্রতিবারই আঘাত থেকে উঠে দাঁড়িয়েছি। কিন্তু আমি কখনও অর্ধেক পথে ফিরে আসি না।’

সূত্র: ডেইলি মেইল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত