একের পর এক ব্যর্থতা, তারপর বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন আমির খান। তবে আবারও ফিরছেন তিনি। ইতিমধ্যেই ‘সিতারে জামিন পর’-এর শুটিং সেরে ফেলেছেন আমির। যেটি কি না নতুন বছরে (২০২৫) ম্ুিক্ত পাবে বলে খবর।
এছাড়াও পিঙ্ক ভিলা সূত্রে খবর, তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা, যেগুলো করার জন্য বিশেষ আগ্রহী আমির।
অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। পিঙ্ক ভিলা বলছে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ইতিমধ্যেই কিশোর কুমারের বায়োপিক নিয়ে আলোচনা করছেন আমির ও অনুরাগ। এখনো পর্যন্ত তাদের মধ্যে চার-পাঁচটি মিটিং হয়েছে বলেও খবর।
সূত্রের খবর, কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের ভীষণ কাছের একটা প্রজেক্ট। তারা সুন্দরভাবে এই প্রজেক্টটি উপস্থাপন করতে চান। আমির খানও কিশোর কুমারের একজন বড় ভক্ত। আর তাই তিনিও অনুরাগ বসুকে এই কিংবদন্তির জীবন তুলে ধরার বিষয়ে সাহায্য করতে চান। পরিচালক এই ছবিটিকে একটা অন্যমাত্রা দিতে চান, নিখুঁতভাবে ছবিটি বানাতে চান। আর এই বিষয়টিই আমিরকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে বলে খবর।
কিশোর কুমারের বায়োপিক ছাড়াও আমিরের ভাবনায় রয়েছে আরও ৬টি সিনেমা। যেগুলো হলো উজ্জ্বল নিকমের বায়োপিক, রাজকুমার সন্তোষীর কমেডি ছবি ‘চার দিন কি জিন্দেগি’, ‘গজনী ২’, লোকেশ কানাগরাজের একটা সুপারহিরো ঘরানার ছবি এবং জোয়া আখতারের একটা ছবিও আমিরের ভাবনা-চিন্তার মধ্যে রয়েছে।
জানা গেছে, এই সবকটি ছবিই আমিরের ভীষণ পছন্দের। চলতি বছরের শেষের দিকে আমির তার পরবর্তী ছবি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই ৬টি ছবির মধ্যে ৩টি বেছে নিয়ে বাকি ৩টি ছবি তিনি ছেড়ে দিতে পারেন বলে খবর।
এই মুহ্ূের্ত আমির খান ‘সিতারে জামিন পার’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে আমির জেনেলিয়া ডি’সুজার সঙ্গে অভিনয় করেছেন। ছবিটির প্রযোজনায় রয়েছে অভিনেতার নিজের প্রযোজনা সংস্থা। ২০২৫-এর শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, প্রযোজক আমির খান ‘লাহোর ১৯৪৭’ বলেও একটা ছবি বানাচ্ছেন, যে ছবিতে সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল ও আলি ফজল অভিনয় করছেন। যেটির পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।
