বৈষম্যবিরোধী আন্দোলন

হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা কেন নয়: হাইকোর্ট  

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম

বৈষম্যবিরোধী গণআন্দোলনে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, ক্ষতিপূরণ নির্ধারণে কেন একটি নীতিমালা প্রণয়ন করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। 

স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, জন প্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী সোলায়মান তুষার, মাহদী জামান বনি ও খায়রুল বাশার এ রিট আবেদন করেন। 

রিটে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে দুই কোটি টাকা ও আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যুক্তরাজ্যের আদলে একটি নীতিমালা প্রণয়নের আরজি জানান রিটকারীরা।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোলায়মান তুষার। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গণআন্দোলনে নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এটি কিভাবে হবে সে বিষয়ে কোনো নীতিমালা নেই। গুলিতে নিহত একজনের পরিবারের জন্য কতটুকু ক্ষতিপূরণ দেওয়া যাবে, আহত ব্যক্তিদের অঙ্গহানিতে কি পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ হবে সে বিষয়ে একটি নীতিমালা থাকা প্রয়োজন। আদালত আমাদের বক্তব্য শুনে রুল দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত