দীর্ঘদিন ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার এখনই ভালো সময় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে মধ্যপ্রাচ্যে সফর করছেন তিনি। গত বুধবার ইসরায়েল সফর শেষে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, ইসরায়েলের জন্য এখন সামরিক বিজয়কে টেকসই কৌশলগত সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে। সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনা করেন ব্লিঙ্কেন।
গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে প্রায় এক বছরের মধ্যে এ নিয়ে ১১তম বারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। ইসরায়েল সফর শেষে তিনি বলেন, জিম্মিদের মুক্ত করে দেশে ফেরানো, যুদ্ধের সমাপ্তি টানা এবং এরপর কী হবে সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনার ওপর জোর দেওয়া প্রয়োজন। সফরে নেতানিয়াহুসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে ব্লিঙ্কেনের এ সফরের মধ্যেও ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা লেবাননের বন্দরনগরী টাইরে ও গাজার উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে তেল আবিবসহ ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থীশিবির, বিদ্যালয়, হাসপাতাল কিছুই। এমনকি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা। জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় বুধবার অন্তত ৩১ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলায় ১১ মাস বয়সী এক শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।
এদিকে ইসরায়েলের বাহিনী গাজার উত্তরাঞ্চলে খুব সম্ভবত যুদ্ধাপরাধ করছে বলে ধারণা প্রকাশ করেছেন দেশটির সাবেক নিরাপত্তা উপদেষ্টা এরান এৎজিওন। ইসরায়েলের চারজন প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছেন এরান। তিনি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধানের দায়িত্বও পালন করেছেন। তার মতামত ইসরায়েলের সর্বোচ্চ কর্র্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। ইসরায়েলি কর্মকর্তা ও সেনাদের গাজায় অবৈধ আদেশ পালন না করার পরামর্শ দিয়েছেন তিনি। সম্প্রতি গাজার উত্তরাঞ্চল নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন এরান। তিনি বলেন, যদি সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়, তাদের অবশ্যই অভিযানে অংশ না নেওয়ার দাবি জানানো উচিত। যদি আমি নিজে সেনা হতাম, আমি ওটাই করতাম।
