খলনায়কের অভিনয়ে ক্ষিপ্ত হয়ে চড় মারলেন দর্শক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম

তেলুগু অভিনেতা এনটি রামস্বামী তার সর্বশেষ ছবি লাভ রেড্ডির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রদর্শনে গিয়ে তাকে অপ্রত্যাশিত লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

জানা যায়, সিনেমায় খলনায়কের ভূমিকায় কাজ করা এই অভিনেতা সহশিল্পীদের নিয়ে হায়দরাবাদে একটি সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন। সিনেমা শেষে অভিনেতারা যখন ভক্তদের সঙ্গে কথা বলছিলেন এমন সময় এক নারী দর্শক দ্বারা লাঞ্ছনার শিকার হন রামস্বামী।

শুক্রবার (২৫ অক্টোবর) এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় ওই নারী তাকে কলার ধরে চড় মারেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রামস্বামী সহ-অভিনেতাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন। হঠাৎ মধ্যবয়সী এক নারী তার কাছে এসে চড় মারেন।

শুধু রামস্বামীকে ওই নারী চড়-থাপ্পড়ই মারতে দেখা যায়নি, তার কলার চেপে ধরে তাকে ধাক্কাও দিতে দেখা গিয়েছে। এসময় প্রশ্ন ছুড়ে দিয়ে ওই নারী বলতে থাকেন— ‘তুমি কেন এই জুটিকে (সিনেমার প্রধান তারকা জুটি) সমস্যায় ফেললে?’ এ ঘটনায় রামস্বামী কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন। পরে অভিনেতা অঞ্জন রামচন্দ্র এবং শ্রাবণী কৃষ্ণবেণীসহ অন্যান্য শিল্পীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এনটি রামাস্বামী। সিনেমায় নায়ক-নায়িকার বিচ্ছেদের কারণও তিনি। এজন্য তার ওপরে চড়াও হন ওই নারী দর্শক। হায়দরাবাদে সিনেমাটির প্রদর্শনী শেষে প্রেক্ষাগৃহের ভেতরে এ ঘটনা ঘটে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্মরন রেড্ডি পরিচালিত লাভ রেড্ডি। ছবিতে বহু বছরের পুরনো প্রেমের গল্পের এক অনন্য রূপ তুলে ধরা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত