জ্বর হলেই কি ডেঙ্গু পরীক্ষা করাতে হবে?

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম

চলতি বছর সারা দেশে বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের পরিস্থিতি ভয়াবহতার আভাস দিচ্ছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তনে রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টির ধরন পালটে যাওয়া এবং অপরিকল্পিত নগরায়ণসহ নানা কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে।

বৃষ্টির জন্য ডেঙ্গু মৌসুম দীর্ঘায়িত হচ্ছে। সাধারণভাবে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে ডেঙ্গু মৌসুম। তবে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়,  সারা বছরব্যাপী কমবেশি ডেঙ্গুর আক্রান্তের হার বেড়েই চলছে। কিন্তু এবারের আবহাওয়া অন্য রকম। বৃষ্টি থামছে না। তাই এ বছর ডেঙ্গুর সংক্রমণ হয়তো আরও বাড়তেই থাকবে আগামী শীত আসার আগ পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর এ পর্যন্ত ৩৯ হাজারের ওপর মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আর প্রায় ২০০ জন ডেঙ্গুর কারণে মারা গেছেন। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এবার বর্ষার মৌসুমের আগেই থেমে থেমে বৃষ্টির কারণে যত্রতত্র পানি জমছে। ভবন নির্মাণ এলাকায় দিনের পর দিন পানি জমে থাকছে। মানব সৃষ্ট কারণে মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয় হচ্ছে। ফলে এডিসের লার্ভার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা ছড়িয়ে পড়ছে। মশা বাড়লে মানুষকে কামড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু এবার ডেঙ্গুর চারটি ধরনের মধ্যে ডেন-২ বেশি দেখা যাচ্ছে। ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ ব্যক্তির শক সিনড্রম দেখা দিচ্ছে। শকে চলে যাওয়া রোগীর রক্তচাপ অতি দ্রুত কমে যায়, রক্তের অনু চক্রিকা কমে যায়, শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়। অনেক রোগী মারাও যায়।

জ্বর হলেই কি ডেঙ্গু:  শুরুতে অনেকে জ্বরকে তেমন গুরুত্ব দেয় না। এটা ঠিক যে এই সময় ডেঙ্গু ছাড়াও ফ্লু, নিউমোনিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড ও অন্যান্য সংক্রমণও অনেক হচ্ছে। হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসা সব রোগীরই যে ডেঙ্গু, তা নয়। কিন্তু মনে রাখতে হবে, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব চলছে এবং এখনো শনাক্তের হার নিচে নামেনি। তাই এ সময় জ্বর হলে ডেঙ্গুর আশঙ্কার কথা বাদ দেওয়া যাবে না। যদিও নানা রকম উপসর্গ দেখে চিকিৎসকেরা জ্বরের কারণ কিছুটা আন্দাজ করতে পারেন, কিন্তু যতক্ষণ না পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটি ডেঙ্গু নয়, ততক্ষণ কিন্তু ডেঙ্গুর আশঙ্কা থেকেই যাচ্ছে।

তাহলে কি পরীক্ষা করাতে হবে? আমাদের মতো ডেঙ্গু প্রবণ দেশে ডেঙ্গুর মৌসুমে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। সামপ্রতিককালে ডেঙ্গু ভাইরাস প্রতিবছরই ধরন পাল্টাচ্ছে। ডেঙ্গুর যে ক্ল্যাসিক্যাল উপসর্গ, তার অনেকগুলোই আজকাল অনুপস্থিত থাকছে। যেমন আগে ডেঙ্গু হলে উচ্চ মাত্রার জ্বর হতো, বর্তমানে বলা হয় জ্বর তীব্র না-ও হতে পারে। তীব্র মাথা ব্যথা, চোখব্যথা, পেশি ব্যথা আজকাল অনেকেরই দেখা যাচ্ছে না। আবার আগে বলা হতো জ্বরের পাঁচ দিন পরে গিয়ে জটিলতা হয়, এখন দেখা যাচ্ছে অনেকের একেবারে শুরুর দিকেই বা দুই তিন দিন পরেই জটিলতা দেখা  যাচ্ছে। তাই আগের মতো চিকিৎসকেরা উপসর্গ ও লক্ষণ মিলিয়ে ডেঙ্গু শনাক্ত করতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত