সিটি-লিভারপুল ১ পয়েন্ট দূরত্বে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ এএম

এমিরেটসে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে শীর্ষে ফিরত লিভারপুল। তবে সেটি হলো না। দুবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে তারা। তাতে শীর্ষের ম্যানচেস্টার সিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে (২২ পয়েন্ট নিয়ে) দ্বিতীয় স্থানে রইল অল রেডরা। আর্সেনাল আছে তিন নম্বরে (১৮ পয়েন্ট)।

উত্তাপ ছড়ানো লড়াইয়ে শুরুটা দুর্দান্ত হয় আর্সেনালের। নবম মিনিটে প্রথম শটেই গোল দেন বুকায়ো সাকা। প্রিমিয়ার লিগে এটি সাকার ৫০তম গোল। বেন হোয়াইটের উঁচু করে বাড়ানো দারুণ থ্রু পাস ধরে, বক্সে একজনকে কাটিয়ে গোল দেন সাকা।

১৪ মিনিটে সমতায় ফিরতে পারত লিভারপুল, তবে মোহামেদ সালাহর বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বল হেড করে পেছনে পাঠান লুইস দিয়াজ, বল আবার হেড করেই জালে পাঠান ডাচ ডিফেন্ডার ভার্গিল ফন ডাইক। ৪৩ মিনিটে সেট পিস থেকে ফের এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের ফ্রি-কিক বক্সে পেয়ে হেডে গোল করেন মিডফিল্ডার মিকেল মেরিনো। আর্সেনালের জার্সিতে এটি তার প্রথম গোল। এই মৌসুমে সোসিয়াদাদ থেকে আর্সেনালে যোগ দেন স্প্যানিশ এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস। ৮১ মিনিটে ফের সমতায় ফেরে লিভারপুল। পাল্টা আক্রমণে বক্সে ঢুকে বল বাড়ান নুনেজ, গোল করেন মোহামেদ সালাহ। এই মৌসুমে লিগে নবম ম্যাচে এটি ষষ্ঠ গোল সালাহর।

প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল লিভারপুল। ম্যাচ শেষে ফন ডাইক বলেন, ‘আমি মনে করি দুবার ম্যাচে ফিরে আসাটা ভালো বিষয়। আমরা এক পয়েন্ট পেলাম এবং সামনে দেখতে হবে।’ লিভারপুল কোচ আর্না সøটও একই সুরে কথা বলেছেন।

ইলদিজের জোড়ায় ৮ গোলের ম্যাচ ড্র : সান সিরোতে সিরি’আর আগুনে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্তার মিলান ও জুভেন্তাস। একবার ইন্তার এগিয়ে গেছে, তো আরেকবার জুভেন্তাস। ৪-২ গোলে একবার এগিয়ে গিয়েছিল ইন্তার। কিন্তু তুর্কি ফরোয়ার্ড কেন ইলদিজের জোড়া গোলে শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে গেছে জুভেন্তাস। ইন্তারের হয়ে পেনাল্টি থেকে দুটি গোল করেন পিওতর জেলিনস্কি (১৫ ও ৩৭ মিনিটে)। তার দুই গোলের মধ্যে (২০ ও ২৬ মিনিটে) গোলে করেন ভ্লাহোভিচ ও টিমোথি উইয়াহ। মিকতেরিয়ান ৩৫ ও ডেনজেল ড্রামফ্রিস ৪-২ করেন স্কোরলাইন। উইয়ার জায়গায় খেলতে নামা ইলদিজ ৭১ থেকে ৯ মিনিটের মধ্যে দুই গোল করেন। নাপোলিকে শীর্ষে রেখে টেবিলের দুইয়ে আছে ইন্তার (১৮), তিনে জুভেন্তাস (১৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত