কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা করতে গিয়ে এক নারী প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ওই নারীকে জেল হাজতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের দূর্গারাম আবাসনে মহিলাদের সরকারি টিউবওয়েল দেওয়ার নাম করে সালমা আক্তার স্মৃতি (২৭) নামের এক প্রতারক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে রাজারহাট থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্মৃতিকে আটক করে থানায় নিয়ে আসে।
সালমা আক্তার স্মৃতি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পশ্চিম পাখিউড়া এলাকার সুরুজ্জামান মোল্লার মেয়ে। অভাবের তাড়নায় সে বিভিন্ন জায়গায় প্রতারণা করতো বলে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই নারীকে ১৫১ ধারায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুটে রেখে গেল ফোন নম্বর
সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের রহমান