সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানের আইনজীবী ও মানবাধিকার কর্মী ইমান মাজারি এবং তার স্বামীকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার আবপাড়া থানায় করা মামলায় ইসলামাবাদ পুলিশ এই দম্পতিকে গ্রেপ্তার করে। পরে আজ তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।
ইসলামাবাদ পুলিশের বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের সফরের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, ইংলিশ দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিল এবং শেষ ম্যাচটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। গত সপ্তাহে সফরকারী ইংল্যান্ড দলের ট্রাফিক প্রটোকলের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এসময় সড়ক পারাপার হতে রাজধানী ইসলামাবাদে ট্রাফিক পুলিশের সঙ্গে এ দম্পতির ধস্তাধস্তির ঘটনা ঘটে। ইসলামাবাদ জিরো পয়েন্ট ক্রসিংয়ে দলগুলোকে স্টেডিয়ামে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
মামলায় বলা হয়েছে, যেকোনো সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে সফরকারী আন্তর্জাতিক দলগুলোর জন্য একটি রুট স্থির করা হয়। যারা রাষ্ট্রীয় অতিথির মর্যাদা উপভোগ করে। ঘটনার দিন ফয়সাল অ্যাভিনিউতে যাতায়াতের সময় ইমান বাধা সরিয়ে দেয় এবং সেখানকার জনগণকে উত্তেজিত করে।
আরও বলা হয়েছে, অভিযুক্ত আইনজীবী ইমান ব্যারিয়ারটি সরানোর জন্য ডাক দেয় এবং চিৎকার শুরু করে। তখন আরেক আইনজীবী তার স্বামী আবদুল হাদিও ঘটনাস্থলে আসেন এবং পুলিশকে হুমকি দিতে শুরু করেন। ইমানের স্বামী এক পুলিশকর্মীকে গালিগালাজ ও চড়-থাপ্পড় মেরেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
শুনানির সময় প্রসিকিউটর রাজা নাভিদ আদালতের কাছে আসামিদের ৩০ দিনের রিমান্ডের আবেদন করেন। ইমান ও হাদি আন্তর্জাতিক দলের নিরাপত্তাকে হুমকি দিয়েছেন উল্লেখ করে আদালতে প্রসিকিউটর বলেন, এই দম্পতির সঙ্গে থাকা দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হবে। এরপর আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গ্রেপ্তার ইমানের মা এবং সাবেক মন্ত্রী শিরিন মাজারি এ ঘটনাকে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ বলে আখ্যা দিয়েছেন। পাকিস্তানের মানবাধিকার কমিশনও (এইচআরসিপি) এ দম্পতিকে গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে।
ভাসানচরে আরও ৫০৬ রোহিঙ্গা
সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের রহমান
‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সফল হলেই ভারতের স্বার্থ রক্ষিত হবে’