অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরীকে আগামী দুই বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় সরকার তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডা. ওয়াদুদকে হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তখন তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে সেই পদে দেওয়া হয়।
পরে মঙ্গলবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের পর ২৬ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক ডা. ওয়াদুদ ১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক এবং ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে গোল্ড মেডেলসহ কৃতিত্বের সাথে ইন্টারনাল মেডিসিন (এফসিপিএস) ও কার্ডিওলজিতে (এমডি) স্নাতকোত্তর সম্পন্ন করেন।
