যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ০। তবে এর প্রভাবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে ভূমিকম্পটি হয়। এর মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।
দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছেন বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে। সিসমোলজিস্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।
ওয়াশিংটন রাজ্য জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে। এতে বলা হয়, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ৬ মাত্রার একটি ভূমিকম্প হওয়া অবশ্যই ভয়ের বিষয়। কিন্তু বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্রাকচার জোনে, যেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মধ্যে দিয়ে এবং এর আশেপাশে বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যা প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত।
পাঁচ দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে স্পেন, নিহত বেড়ে ৯৫