মার্কিন নির্বাচন সিস্টেম হ্যাকের চেষ্টা করছে ‘বিদেশি শত্রুরা’

  • মার্কিন নির্বাচনের সিস্টেম হ্যাকে ‘অত্যাধুনিক কৌশল’ ব্যবহারের অভিযোগ কর্তৃপক্ষের 
  • এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেমে বিদেশি অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পিএম

আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যে প্রচার-প্রচারণার শেষপ্রান্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রার্থি কমলা হ্যারিস।

তবে এরই মধ্যে বিদেশি শত্রুরা মার্কিন নির্বাচনের সিস্টেমে প্রবেশের (হ্যাক) চেষ্টায় ‘অত্যাধুনিক কৌশল’ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত তারা (শত্রুরা) এতে ব্যর্থ হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পরিচালক জেন ইস্টারলি। খবর বিবিসি।

সাক্ষাৎকারে জেন ইস্টারলি বলেন, বেশিরভাগ নির্বাচনী মেশিন ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে না, যার কারণে বিদেশী শত্রুদের দ্বারা হ্যাক করা খুব কঠিন।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘বিদেশি শত্রুরা আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করবে যে, তারা এটি (হ্যাক) করতে সক্ষম।’

ইস্টারলি আরও বলেন, ‘আমেরিকান জনগণের কাছে নানা রকমের তথ্য আসছে এবং সেইসব তথ্যের অনেকটাই আমাদের বিদেশি শত্রুরা ছড়িয়ে দিচ্ছে। তারা মার্কিন নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের আস্থা নষ্ট করার চেষ্টা করছে।’

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেমে বিদেশি অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে, আমরা যদি এ ধরনের কর্মকাণ্ড (হ্যাকিংয়ের) দেখি, অবশ্যই সে তথ্য আমরা প্রকাশ করব।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত