ঢাকার সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এই সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক করেছেন, কথা বলেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়। তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আশা করি তারা আন্দোলন শেষ করবেন। একটা ইস্যু থাকলে, সেটা নিয়ে কথা বলার সুযোগ আছে। উপদেষ্টারা মনে করেন যে কারও যদি কোনো দাবি থাকে, তাহলে তারা যেন তাদের সঙ্গে কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে সাত কলেজের শিক্ষার্থীরা। অবশেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাল অন্তর্বর্তী সরকার।
গুলিবিদ্ধ কাশেমীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠাল সরকার
অভিনয়ের ইচ্ছা থাকলেও ঘরেই থাকতেন মাসুদ আলী খান