সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ওই কলোনীর সাতটি কক্ষ ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার (২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ী গোচারটেক এলাকার জাকির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ‘বিকেলে জাকির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনীর আধা পাকা ঘরের একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আগুন দ্রুত ওই কলোনীর অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তাতে আগুনে আধা পাকা শ্রমিক কলোনীর ৭ টি কক্ষ এবং কক্ষের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এ সময় একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে চার থেকে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাত