বুকে গুলি করে হাঁটুর নিচে কোপানো হয় পঙ্গু রাসেলকে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাসেল ওরফে পঙ্গু রাসেল (২৭) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজনকে কুপিয়ে জখম করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর শেরেবাংলা রোডস্থ আলকাতরা মিলের পার্শ্বে ১ নম্বর গলির প্রবেশপথে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাসেল ওরফে পঙ্গু রাসেল মহানগরীর শেরেবাংলা রোডের আমতলার মোড়ের আব্দুল মান্নানের ছেলে।

পঙ্গু রাসেলের সহযোগীরা হলেন- হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব (২৫) ও শেরেবাংলা রোড আমতলার মোড়ের মো. হান্নান শেখের ছেলে মোহাম্মদ ইয়াসিনকে (২৬)। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল রাতে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে পঙ্গু রাসেলের বুকের পাশে দুইটি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। তখন তার সঙ্গে থাকা সজিব ও ইয়াসিনকেও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পঙ্গু রাসেলকে মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদক কারবারিকে কেন্দ্র করে এ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পঙ্গু রাসেলের নামে মাদক, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। রাত ২টার দিকে পঙ্গু রাসেল মারা যান।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত