কাচা বাজারে চড়া দামে সবজি বিক্রি হওয়ায় সাধারণ মানুষের কাছে কেনা দামে সবজি বিক্রি শুরু করেছে ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ রবিবার সকালে শহরের সাধনার মোড় এলাকায় সবজি বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
এ সময় কম দামে সবজি কিনতে ভিড় করেন স্থানীয় ক্রেতারা। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সবজি বিক্রিতে অংশ নেন।
এসব সবজির মধ্যে পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেঁপে, জালি কুমড়া, ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা, প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এছাড়া আরও বেশকিছু সবজি বাজারের চেয়ে ১০-৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।
আয়োজকরা জানান, বাজারে বিক্রেতাদের হাত বদল হতে হতে দামের ঊর্ধ্বগতির সৃষ্টি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায় সাধারণ ত্রেতারা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্যই আমাদের এমন উদ্যোগ। এ কর্মসূচি আগামী দিনেও অব্যহত থাকবে বলে জানান আয়োজকরা।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ‘কিছু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শিগগিরই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।’
