সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ আবশ্যিকভাবে রবিবার (৩ নভেম্বর) অবমুক্ত হবেন এবং আগামীকাল সোমবার (৪ নভেম্বর) ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
জানা যায়, গত ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ।
বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণ দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
পরে ২৭ অক্টোবর একই দাবিতে ‘সচেতন বাগেরহাটবাসী’র ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খুলনায় যুবদল নেতাকে হাতুড়িপেটা