ইজতেমা ইস্যু

তাবলীগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • এবার একত্রে ইজতেমা করার লক্ষ্যে তাবলীগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে সরকার
  • বৈঠকে ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে আলোচনা হবে
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এবার ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়েছে বলে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

বৈঠকে তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হবে।

প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক।

দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি তুরাগ তীরে ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। সবশেষ গত বছরও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

তবে এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চায় অন্তর্বর্তী সরকার। গত ২২ অক্টোবর আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত