চলচ্চিত্র নির্মাতা মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে ডাক পেয়েছেন মালয়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমায় সুকুমারনকে একজন পুলিশের ভূমিকায় দেখা যেতে পারে। ‘দায়রা’ নামের সেই ছবিতে পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। কারিনা ও মেঘনার সঙ্গে পৃথ্বীরাজের প্রথম ছবির শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে।
সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে এর আগে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম শোনা গিয়েছিল। তবে তিনি বেরিয়ে যাওয়ার কয়েক মাস পর ডাক পান পৃথ্বীরাজ। প্রযোজনাটির একটি ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, শিডিউল জটিলতার কারণে ‘দায়রা’ থেকে নিজেদের নাম কেটে নেন আয়ুষ্মান খুরানা এবং সিদ্ধার্থ মালহোত্রা।
এর আগে পৃথ্বীরাজকে শেষবার খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল বড়ে মিয়াঁ ছোট মিয়াঁয়। যেখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং শেষ পর্যন্ত সিনেমাটি বক্স অফিসে ভরাডুবি হয়। শিগগিরই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
এদিকে প্রশংসিত মালায়ালাম চলচ্চিত্র আদুজিভিথাম : দ্য গোট লাইফ-এ অবিশ্বাস্য উপস্থিতির পরে পৃথ্বীরাজ নতুন জনপ্রিয়তা পেয়েছেন। এ ছাড়া সম্প্রতি প্রভাসের ‘সালার : পার্ট ওয়ান-সিজফায়ার’ ছবিতেও দেখা গেছে তাকে। অন্যদিকে মেঘনার শেষ ছবি ছিল স্যাম বাহাদুর, যেখানে ভিকি কৌশল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে সাংঘর্ষিক হলেও ছবিটি বক্স অফিসে মোটামুটি পারফর্ম করেছিল।
একটি সূত্র সংবাদমাধ্যম মিড ডে’কে জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়ুষ্মানের একাধিক শো রয়েছে। এ ছাড়া ‘বর্ডার ২’ ছাড়াও তিনি করণ জোহর এবং গুনীত মোঙ্গা কাপুরের সঙ্গে দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।’
