২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:১১ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে যাওয়া ১৫ টি ডিঙ্গি নৌকাসহ ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানান, ২ টি ইঞ্চিল চালিত নৌকা এবং ১৩ টি ডিঙ্গি নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি নৌকায় এক এবং দুই জন মিলে ছোট্ট জাল নিয়ে এরা মাছ ধরে। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে। এদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার। তবে তিনি সকলের নাম নিশ্চিত করতে পারেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্টকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২  বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মহিউদ্দিন আহমেদ  বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত