ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজা লেবানন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজার শাতি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। এই হামলায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় গাজায় ২৭ জন নিহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৪৬৯ জনে। আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪০ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকা ও এর পশ্চিমে বালবেক শহরে এই হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতেও কয়েক দফা হামলা চালিয়েছেন ইসরায়েলি সেনারা।

ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বছর ধরে লড়াই চলছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্রতর হয়েছে। ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে লেবানন সীমান্তের বিভিন্ন গ্রামে। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের আল জাদিদ টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ অন্তত চারটি হামলার ঘটনা ঘটেছে। এক বছর ধরে ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ নিহত হয়েছে গত ছয় সপ্তাহে।

হিজবুল্লাহ বলেছে, গতকাল তারা বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, বিমানবন্দরটির কাছে একটি রকেট বিস্ফোরিত হয়েছে। তেল আবিব জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের ভূখ-ে বেশকিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। এদিকে, ইসরায়েলি হামরায় নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরাল্লাহর চাচা আবু হায়দার নাসরাল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বাজৌরিয়েহ এলাকায় ইসরায়েলি হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন আবু হায়দার নাসরাল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত