জানুয়ারির প্রথম দিনটিতেই ৪০ বছরে পা দেবেন আফগানিস্তানের তারকা অল-রাউন্ডার মোহাম্মদ নবি। এই বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ইতিহাস আছে। তবে মোহাম্মদ নবি নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই ঘোষণা দিলেন, আগামী ফেব্রুয়ারি–মার্চে চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই তিনি বিদায় জানাবেন ওয়ানডেকে।
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের শুরু থেকে এই পর্যায় পর্যন্ত খেলে যাওয়া একমাত্র ক্রিকেটার নবি। দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। সবচেয়ে বেশি ৪৫টি দলের বিপক্ষে জয়ের বিশ্ব রেকর্ডটা তারই দখলে। তবে এখন বিদায় বলার সময় হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই এ ঘোষণা দেন।
বিষয়টি নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে এসিবির প্রধান নির্বাহী নসিব খান বলেছেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা ওরা সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় নবীর। ১৫ বছরে খেলেছেন ১৬৫টি ওয়ানডে। করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে তিনি আফগানিস্তানের দ্বিতীয় শীর্ষ রানসংগ্রাহক ও দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ওয়ানডে ছাড়ার পর টি-টোয়েন্টি খেলে যাবেন নবি।
‘বয়স নেই’ বলা সালাউদ্দিন কেন সহকারী কোচ হলেন?
ছেলেরা বড্ড দুর্ভাগা; নেই সাফল্য, জোটে না প্রতিশ্রুতির টাকাও