বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডবের যুগ শেষের পথে। এখন কেবল মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদই জাতীয় দলের সংস্পর্শে আছেন। দেশের ক্রিকেটের অগ্রগতিতে এই পঞ্চপান্ডবের অবদান অবিস্মরণীয়। কিন্তু মোহাম্মদ সালাউদ্দিনের মতে, এই পঞ্চপান্ডব যুগের শেষ হতে চললেও দেশের ক্রিকেট পরবর্তী পর্যায়ে যেতে পারেনি। তিনি সাকিব-তামিমদের চেয়েও বড় ক্রিকেটার তৈরি করতে চান।
আজ শুক্রবার বিসিবির পাঠানো ভিডিওবার্তায় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘সাকিব, তামিম, মুশফিক, ওরা একটা প্রজন্ম, একটা পর্যায় পর্যন্ত আমাদের নিয়ে গেছে। এই পর্যায়টা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে ব্যক্তিগতভাবে আমি মনে করি, দেশের ক্রিকেট খুব একটা এগোয়নি। পরের প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো ক্রিকেটার হতে পারে, আরও বড় হতে পারে, সেই কাজগুলো যদি আমরা করতে পারি… এবং এটা যে খুব অসম্ভব কাজ, তা নয়। কারণ এখন তারা অনেক ভালো ক্রিকেট খেলে। মানসিকভাবে বলুন, শারীরিকভাবে, আর্থিক দিক থেকে, সব দিক থেকেই তারা অনেক সাবলীল।’
এখন বাংলাদেশের ক্রিকেটে টাকার ছড়াছড়ি। বিপুল সংখ্যাক দর্শক-সমর্থক আছে। কিন্তু সাকিবদের শুরুর সময় এসবের অনেক কিছুই ছিল না। তাদের হাত ধরেই ক্রিকেট আরও জনপ্রিয় হয়েছে। এই সময়ে ক্রিকেটারদের আয়, সুযোগ-সুবিধা অনেক বেশি। তাই সালাউদ্দিন মনে করেন, এখন ভালো কিছু করার সুযোগ আরও বেশি।
তার ভাষায়, ‘ওই সময় (সাকিব-তামিমদের শুরুতে) হয়তো ওরকম ছিল না। এখন আরও ভালো করার সুযোগ বেশি। জাতীয় দলে সুযোগ-সুবিধা এখন আগের চেয়ে অনেক বেশি। এখানে উন্নতি করার অনেক জায়গা আছে, যদি ক্রিকেটাররা বিশ্বাস করে এবং তার যদি সেভাবে চিন্তাভাবনা করে, এই চিন্তার জায়গা ও মানসিকতা যদি পরিবর্তন করা যায়, তাহলে আমাদের এই ছেলেগুলোও হয়তো পরবর্তীতে বিশ্ব ক্রিকেটের অনেক বড় সম্পদ হয়ে উঠবে।’
‘আমি ভুল করেছি, শান্তও ভুল করেছে’
‘আমি আর শান্ত ব্যাট করছিলাম, উইকেটের আচরণ বদলে গেল’
‘বয়স নেই’ বলা সালাউদ্দিন কেন সহকারী কোচ হলেন?