মানুষ সৃষ্টির রহস্য

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০৯ এএম

মহান আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতা সারা বিশ্বজগতের সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ বারবার আমাদের তার সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা ও পর্যবেক্ষণ করতে আহ্বান জানিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা।’ (সুরা আনআম ১০১) এই মহাবিশ্বের প্রতিটি অংশ যেমন আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পর্বত, নদী, গাছপালা, জীবজন্তুসহ সবই মহান আল্লাহর নিখুঁত সৃষ্টির এক অনন্য নিদর্শন। যে সৃষ্টি কোনো ভুল-ত্রুটি নেই।

কোরআনে বর্ণিত হয়েছে, ‘যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ত্রুটি দেখতে পাও কী?’ (সুরা মূলক ৩) এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহর সৃষ্টি নিখুঁত এবং মানব মনে তা বিস্ময় জাগায়। মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে ভাবতে বাধ্য হয়। কেননা আমরা যতই জানি, তার সৃষ্টির গভীরতা ততই অসীম থেকে যায়।

মানুষ সৃষ্টির রহস্য : মানুষ আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি।’ (সুরা তিন ৪) আমাদের দেহের প্রতিটি অংশ, প্রতিটি অঙ্গ আল্লাহর রহমতের নিদর্শন। তিনি মানুষকে শুধু দেহ দিয়েই সৃষ্টি করেননি, বরং তাকে বুদ্ধি, প্রজ্ঞা ও আত্মা দিয়ে সজ্জিত করেছেন। আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসেবে, যাতে আমরা তার অনুগত থাকি এবং পৃথিবীর শান্তিও কল্যাণ বজায় রাখি।

মানুষের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা নয়। আল্লাহ প্রথমে আদম (আ.)-কে সৃষ্টি করেন। তারপর তার থেকে মানবজাতির বংশ বৃদ্ধি ঘটান। কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আঁধারে স্থাপন করেছি।’ (সুরা মুমিনুন ১২-১৩) এই আয়াত থেকে বোঝা যায় যে, মানুষের সৃষ্টি প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম ও গভীর জ্ঞান দ্বারা পরিচালিত।

সৃষ্টির মধ্যে আল্লাহর রহমত : প্রকৃতির প্রতিটি অংশে আল্লাহর রহমতের ছাপ স্পষ্ট। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তিনি জমিনকে সজীব করেন, বৃক্ষরাজিকে সবুজ করে তোলেন, আমাদের খাদ্য, পানীয় এবং বসবাসের উপযোগী পরিবেশ দেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন। তারপর তা দ্বারা আমি সব ধরনের উদ্ভিদ উৎপাদন করি।’ (সুরা আনআম ৯৯) এই পানি পৃথিবীতে জীবনের মূল চাবিকাঠি, যা আল্লাহর দান। সৃষ্টির এই রহমত আমাদের কাছে এক মহা রহস্য, যা আল্লাহতায়ালা তার জ্ঞান ও প্রজ্ঞায় নিয়ন্ত্রিত করেন।

সৃষ্টির রহস্য ও আমাদের দায়িত্ব : আল্লাহতায়ালার সৃষ্টির রহস্য আমাদের জন্য শুধু বিস্ময়ের নয়, বরং একটি দায়িত্বেরও স্মারক। তিনি আমাদের এই সৃষ্টির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি।’ (সুরা বাকারা ৩০) আমরা তার সৃষ্টিকে সংরক্ষণ করব, ধ্বংস করব না। মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো, আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞ থাকা, তার সৃষ্টি নিয়ে চিন্তা করা এবং আমাদের জীবনকে তার ইবাদতের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা।

আল্লাহতায়ালার সৃষ্টির রহস্য আমাদের জন্য এক মহা বিস্ময় ও প্রজ্ঞার আঁধার। আমরা যতই তার সৃষ্টি নিয়ে চিন্তা করি, ততই আমাদের ভেতরে তার প্রতি ইমান ও আনুগত্য বৃদ্ধি পায়। আমাদের দায়িত্ব হলো, তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে তাকে স্মরণ করা এবং তার নির্দেশিত পথে চলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত