আগামী বছর ১ জানুয়ারি থেকে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা পোশাক বা বোরকা নিষিদ্ধ হতে যাচ্ছে সুইজারল্যান্ডে। ওই সময়ের পর থেকে কেউ যদি বোরকা পরেন এবং মুখ ঢাকেন তাহলে তাকে প্রায় ১ হাজার ১৫০ ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি অর্থে দেড় লাখ টাকার সমান।
গত বুধবার (৬ নভেম্বর) এই আইন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডের সরকার। আইনটি ‘বোরকা নিষিদ্ধ’ নামে পরিচিত। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয়। এতে মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে রায় দেন দেশটির সাধারণ মানুষ। সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই গণ রায় কার্যকর করা হবে।
তবে ওই গণভোটের কঠোর বিরোধিতা করেছিল মুসলিম গ্রুপগুলো। এছাড়া পাবলিক প্লেসে মুখ ঢাকা নিষিদ্ধের গণভোটে অনেকেই বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটি খুবই কম ভোটের ব্যবধানে পাস হয়েছিল।
অবশ্য, সুইজারল্যান্ডে খুব কম সংখ্যক নারীই মুখ ঢাকা বোরকা পরেন। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বসবাসকারী মুসলিমদের জন্য এটি একটি কঠিন বিষয় হয়ে পড়বে।
তবে, সুইস সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।
স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। বিনোদনের ক্ষেত্রেও মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। মুখ ঢাকা যাবে বিজ্ঞাপনে কাজের বেলাতেও।
এছাড়া ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। কিন্তু এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।
নির্বাচনে ভরাডুবির জন্য বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি